দ্বিতীয়বারের মতো পেছাল রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়। তবে পরবর্তী রায় ঘোষণার তারিখ এখনও ধার্য হয়নি।
বুধবার (২৭ অক্টোবর) আলোচিত এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে ঢাকা নিম্ন আদালতের সকল বিচারিক কার্যক্রম স্থগিত করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ।
এর আগে গত ১২ অক্টোবর রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। সেদিন বিচারক অসুস্থ থাকায় রায় পিছিয়ে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
তারও আগে, গত ৩ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেন আদালত। একইসঙ্গে জামিনে থাকা সাফাতসহ পাঁচ আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত হোটেলে জন্মদিনের পার্টিতে দুই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বছরের ৬ মে সাফাতসহ পাঁচজনের বিরুদ্ধে বনানী থানায় ধর্ষণ মামলা হয়।